আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ
২ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাট সাজানোর নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন চ্যাট থিম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সাধারণ ওয়ালপেপারের পাশাপাশি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুবিধাও থাকছে এতে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন থিমগুলো ব্যবহারকারীদের জন্য পাঁচটি আলাদা বিভাগে সাজানো হয়েছে। বিভাগগুলো হলো—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

পাঁচ বিভাগে থিম

ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব নকশা দলের বাছাই করা থিমগুলো রাখা হয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ করা ব্যবহারকারীরা লাইভ বিভাগ থেকে পছন্দের থিম বেছে নিতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাদামাটা নকশার পছন্দ হলে ব্যবহার করা যাবে মিনিমাল বিভাগের থিম। এতে লাইট মোডের জন্য সাদা এবং ডার্ক মোডের জন্য কালো ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার বিভিন্ন ওয়ালপেপার রাখা হয়েছে ডুডল বিভাগে।

অ্যানিমেটেড থিম চেনার সহজ উপায়

কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, সেটিও সহজেই বোঝার সুযোগ থাকছে। থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট ‘লাইভ’ চিহ্ন থাকলে সেটি অ্যানিমেটেড ওয়ালপেপার। ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও একই চিহ্ন দেখা যাবে।

এর আগে গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারি চালুর সম্ভাবনার কথা জানিয়েছিল নাইনটুফাইভম্যাক।

বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। ফলে অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরও সবাই একসঙ্গে সুবিধাটি নাও পেতে পারেন। সব আইফোন ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।