“দেশের অনিষ্ট হবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয়
“দেশের অনিষ্ট হবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, দেশের কোনো অনিষ্ট হবে না—এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।”

বৈঠকে উপস্থিত থাকা সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা বলেন, “আমরা একটি বড় যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশকে অস্থিতিশীল করার নানা প্রচেষ্টা চলছে। এর বিপরীতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আত্মমর্যাদা ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিকে আমি একটি ‘মহা সুযোগ’ হিসেবে দেখি। আমরা একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হলে আমি নিজেকে দোষী মনে করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “আপনাদের সবাইকে একসাথে দেখে সাহস পেয়েছি। বিভাজনের রাজনীতি আমাদের আর টেনে নামাতে পারবে না যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি।”

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য বর্তমান সংকটময় মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে যখন দেশের রাজনীতিতে চরম অস্থিরতা ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।