যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে পঞ্চম অবস্থানে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।
একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। সে সময় দেশটি থেকে বাংলাদেশে এসেছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার।
তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে দেশটি শীর্ষ অবস্থান হারিয়ে তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে গত অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার।
এ ছাড়া মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার।
সংসদে উপস্থাপিত এই পরিসংখ্যান অনুযায়ী, একদিকে দেশের মোট রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, অন্যদিকে প্রবাসী আয়ের উৎস দেশগুলোর শীর্ষ তালিকাতেও বড় ধরনের পরিবর্তন ঘটেছে।


