হজের খুতবা দেবেন কাবার ইমাম ড. সালেহ আল হুমাইদ, ৯ জিলহজ আরাফার ময়দান থেকে সম্প্রচার

ধর্ম
হজের খুতবা দেবেন কাবার ইমাম ড. সালেহ আল হুমাইদ, ৯ জিলহজ আরাফার ময়দান থেকে সম্প্রচার
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৫

১৪৪৬ হিজরির হজ মৌসুমে আরাফার দিন বিশ্ব মুসলিমের সামনে হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন কাবার ইমাম ও প্রখ্যাত আলেম ড. সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমাইদ। সম্প্রতি সৌদি রয়্যাল কোর্ট কর্তৃক প্রকাশিত ঘোষণায় জানানো হয়, সৌদি বাদশাহ সালমান তাঁকে এবার হজের খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

৯ জিলহজ (সম্ভাব্য ৫ বা ৬ জুন, চাঁদ দেখা সাপেক্ষে) আরাফার ময়দানে জোহরের নামাজের সময় থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলবে উকুফ। এরই অংশ হিসেবে মসজিদে নামিরা থেকে দেওয়া হবে এই বার্ষিক খুতবা, যা সারা বিশ্বের মুসলিমদের জন্য এক গভীর তাৎপর্য বহন করে।

হজের খুতবা শুধু হজ পালনকারীদের উদ্দেশে নয়, বরং এটি বিশ্ব মুসলিমের জন্য নসিহত ও দিকনির্দেশনার অন্যতম উৎস। ইসলামের ইতিহাসে প্রথম হজের খুতবা দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। সেই ধারাবাহিকতায় আজও এ খুতবা বিশ্ব মুসলিম মনোযোগের সঙ্গে শোনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. সালেহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি দীর্ঘদিন শরিয়া ও ইসলামিক অর্থনীতির অধ্যাপনায় যুক্ত ছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। এরপর তিনি সৌদি শুরা কাউন্সিলের সদস্য, হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট এবং বর্তমানে রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হজ পালনকারীরা আরাফার ময়দানে যে কোনো স্থানে থেকেই খুতবা শুনতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশেও এই খুতবা অনুবাদসহ সরাসরি সম্প্রচার করা হয়। বিগত বছরগুলোর মতো এবারও ‘হারামাইন শরিফাইন’ প্ল্যাটফর্ম থেকে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকবে।

আরাফার ময়দানে কিছু সময়ের জন্য উপস্থিত থাকা হজের ফরজ অংশ। কেউ যদি এ সময় সেখানে না পৌঁছান, তবে তার হজ বাতিল হয়ে যাবে।