যারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। যারা আগামী বছর হজ পালনের পরিকল্পনা করছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি এবং ১৫ বছরের কম বয়সী শিশুরা আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শেষ হলে বাংলাদেশ থেকে হজ পালনে আগ্রহী মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংকসহ সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং এর সময়সীমা আর বাড়ানো হবে না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু আগামী বছরের হজে যেতে পারবে না। একইভাবে দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
এ ছাড়া স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি কিংবা রেডিওথেরাপি নিচ্ছেন—এমন ক্যানসার রোগীদের ক্ষেত্রেও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এ তালিকায় যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।
এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকাদানের জন্য একটি জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন এবং প্যাকেজও নির্ধারণ করতে হবে।
নিবন্ধনের ক্ষেত্রে হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজ পালনে আগ্রহী ব্যক্তিদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।


