ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক

ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক
নিউজ ডেস্ক
২৯ মে ২০২৫

মার্কিন ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন। সরকারি ব্যয় হ্রাসে কাজ করলেও সম্প্রতি পাস হওয়া ট্রাম্পের নতুন বিল নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করার একদিন পরই তিনি প্রশাসন থেকে সরে দাঁড়ালেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “ইলন মাস্ক প্রশাসন ছাড়ছেন। আজ রাত থেকেই প্রক্রিয়া শুরু হবে।”

গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে অল্প ভোটে পাস হওয়া বিতর্কিত বিলটিতে বহু ট্রিলিয়ন ডলারের কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির কথা বলা হয়েছে। এটি এখন সিনেটে পাঠানো হবে। তবে মাস্ক বলছেন, বিলটি আসলে বাজেট ঘাটতি আরও বাড়িয়ে দিচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিল আমাকে হতাশ করেছে। এটি আমাদের বাজেট ঘাটতি কমানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে।”

বিশ্লেষকদের মতে, বিলটির ফলে আগামী অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ৬০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

ইলন মাস্ক ছিলেন ট্রাম্প প্রশাসনের অধীন গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) বা সংক্ষেপে ‘ডোজ’ এর প্রধান। সংস্থাটি যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছিল।

মাস্কের দাবি অনুযায়ী, এরই মধ্যে তারা প্রায় ১৭৫ বিলিয়ন ডলার সাশ্রয় করেছেন, যদিও এ তথ্যের পূর্ণাঙ্গ যাচাই এখনো হয়নি।

তবে ফেডারেল কর্মী ছাঁটাই এবং বৈদেশিক সহায়তা বন্ধের উদ্যোগে তিনি ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন। এমনকি টেসলার বিক্রিতেও নেতিবাচক প্রভাব পড়ে, বিক্ষোভ হয়।

পদত্যাগের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে মাস্ক ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে আমার সময় শেষ হচ্ছে।”

সূত্রমতে, এই পদত্যাগ ছিল তড়িঘড়ি ও পূর্ব আলোচনাবিহীন। মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনায় যাননি।

ইলন মাস্ক আগেই জানিয়েছেন, তিনি অন্তত আরও পাঁচ বছর টেসলার নেতৃত্বে থাকবেন এবং ভবিষ্যতে রাজনৈতিক অনুদান দেওয়া অনেক কমিয়ে দেবেন।