ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ ঘোষণা, ট্রাম্প বললেন ‘রাজনৈতিক ট্রেন দুর্ঘটনা’

ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ ঘোষণা, ট্রাম্প বললেন ‘রাজনৈতিক ট্রেন দুর্ঘটনা’
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫

বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৭ জুলাই) ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমেরিকায় দীর্ঘদিন ধরে কার্যকর একটি দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। তৃতীয় দল আনা মানে বিভ্রান্তি ছড়ানো, এটি একেবারেই হাস্যকর উদ্যোগ।’

এর আগের দিন, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে ‘আমেরিকা পার্টি’ গঠন করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ মাস্ককে ‘ট্রেন দুর্ঘটনার মতো’ পরিস্থিতিতে পড়েছে বলে কটাক্ষ করেন। একইসঙ্গে মাস্কের ইলেকট্রিক ভেহিকল (ইভি) সংক্রান্ত নীতির সমালোচনাও করেন এই প্রেসিডেন্ট।

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন ইলন মাস্ক। ২০২৪ সালের নির্বাচনে পরোক্ষভাবে ট্রাম্পের জয় নিশ্চিত করতেও সহায়তা করেছিলেন। এমনকি ট্রাম্প প্রশাসনে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে একটি বিশেষ দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন মাস্ক।

তবে পরবর্তীতে নীতিগত মতবিরোধের কারণে মাস্ক প্রশাসন থেকে পদত্যাগ করেন এবং ধীরে ধীরে তাদের সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়।

সম্প্রতি ট্রাম্প তার আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’-এ ইলেকট্রিক গাড়ির করছাড় বাতিল করেন। এর বিরোধিতা করেন মাস্ক। তার দাবি, ইভি ম্যান্ডেট না থাকলে টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। আর এই দ্বন্দ্বের জের ধরেই রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।

বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করতে পারে। তবে দ্বিদলীয় শাসনব্যবস্থায় এই দল কতটা টিকে থাকতে পারবে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।