পুলিশ হেফাজতে পুড়ে গেল অটোরিকশা: নিঃস্ব হাফিজুল, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

দেশজুড়ে
পুলিশ হেফাজতে পুড়ে গেল অটোরিকশা: নিঃস্ব হাফিজুল, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

পাবনার পুলিশ লাইনের ভেতরে রাখা তিনটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শুক্রবার আটক করা এসব অটোরিকশার মধ্যে একটি ছিল সদরের জোতদাম এলাকার হাফিজুল ইসলামের, যিনি বিদেশে প্রতারিত হয়ে ফিরে এসে শেষ সম্বল দিয়ে কিনেছিলেন গাড়িটি।

গত দুই মাস আগে জমি বন্ধক রেখে ৩ লাখ টাকায় অটোরিকশা কেনেন হাফিজুল। নিজেই চালিয়ে সংসার চলছিল। কিন্তু শুক্রবার যৌথবাহিনীর অভিযানে তার গাড়িটি আটক হয় এবং জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
তিনি বলেন,

“আমি নিজ হাতে গাড়িটা চালিয়ে পুলিশ লাইনে দিয়ে আসি, চাবি তারা নেয়। মামলা ভাঙিয়ে এসে দেখি বলে আগুনে পুড়ে গেছে! সামনের গ্লাস ছাড়া কিছুই অবশিষ্ট নেই।”

শনিবার সকাল, পাবনা পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠ। সেখানেই ধোঁয়া উঠতে দেখা যায় তিনটি অটোরিকশা থেকে। দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস, তবে একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়, দুটি আংশিক ক্ষতিগ্রস্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ বলছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগতে পারে। কিন্তু প্রশ্ন তুলছেন মালিকরা—

“টানা বৃষ্টির মধ্যে ফাঁকা মাঠে নিজে চালিয়ে রাখা গাড়িতে এমন আগুন কীভাবে লাগল?”

পুড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা বলছেন, হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই গাড়ি আটক করা হয়েছে। তাদের কেউ কেউ গাড়ির ফিটনেস বা কাগজপত্র নবায়নের চেষ্টা করছিলেন।

চাটমোহরের কবির জানান,

“গাড়ির অর্ধেকটা পুড়ে গেছে। ঠিক করাতে অনেক টাকা লাগবে। লোন করে গাড়ি কিনেছিলাম, এখন কীভাবে চালাব?”

আটঘরিয়ার মোস্তফা কামাল বললেন,

“সকালে জানলাম, আমাদের সামনে রাখা তিনটা গাড়িতে আগুন লেগেছে। ভাগ্যক্রমে আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়— পুলিশের কাছে কি আমাদের গাড়ি নিরাপদ?”

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল বলেন,

“একটি গাড়িতে আগুন লেগে পাশে থাকা দুটি গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস সিলিন্ডার লিক করেই এমনটা হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। পুরো এলাকা সিসিটিভির আওতায় রয়েছে।”

ক্ষতিগ্রস্ত চালকদের দাবি—

  • সরকারি ক্ষতিপূরণ বা সহায়তা তহবিল থেকে ক্ষতিপূরণ

  • পুলিশি হেফাজতে দায়িত্বহীনতার তদন্ত ও জবাবদিহিতা

  • ভবিষ্যতে আটক যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট নীতি