নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নওগাঁর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।
আলোচনা সভায় বক্তব্য দেন নিশান এর পরিচালক মো. মহিদুর রহমান, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সম্পাদক মো. শামসুল হক বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান এবং ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়’ বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত পাবলিক স্কুল, নওগাঁর সহকারী প্রশিক্ষক মো. গোলাম রসুল সাকলায়েন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিল্পকারখানার প্রতিনিধি, পরিবেশবিষয়ক এনজিওর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

