২০ কোটি টাকার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

দেশজুড়ে
২০ কোটি টাকার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক
৩ আগস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

রোববার (২ আগস্ট) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার ফতু থানার সুলিয়াপাড়া গ্রামের করিম আলী এবং রাখাইন রাজ্যের মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের হাসান আরাফ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোববার বিকেলে কক্সবাজারে র‌্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবা স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে টেকনাফের নাজিরপাড়া এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে ভোর প্রায় ৪টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর অধিনায়ক বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে শনিবার (১ আগস্ট) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় পৃথক এক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় মামলা দায়েরের পর তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।