সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চার দিনব্যাপী কারুশিল্প ক্ষুদ্র মেলার উদ্বোধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মোজাম্মেল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এবং ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, জেলা যুবদল নেতা ও এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, আব্দুর রহিম, যুবদল নেতা শামিম হোসেন, নূরে ইয়াসিন নোবেল, হারুন রশীদ মিঠু, নিজাম উদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দীপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সালাহ উদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া ভূঁইয়া এবং মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চার দিনব্যাপী কারুশিল্প ক্ষুদ্র মেলার উদ্বোধন, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর সারাদিন সর্বসাধারণের জন্য বিনা প্রবেশমূল্যে উন্মুক্ত রাখা হয়।


