নেত্রকোণায় আগুনে পুড়িয়েছে প্রায় ৬টি দোকান, ৩টি বসতঘর ও আহত ৩
নেত্রকোণা জেলা শহরের বড় বাজার এলাকায় আগুনে পুড়িয়েছে প্রায় ৬টি পাইকারি বিক্রেতার শোরুম ও গোডাউন সহ ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে থাকা ৩টি বসতঘর। এসময় ফায়ার সার্ভিসের ৩সদস্য আহত হয়েছেন। তারা হলেন – নেত্রকোণা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান, ফায়ার ফাইটার খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম। নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান – প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫/৬ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান স্থানীয় ব্যবসায়ীগণ।
ওই এলাকার পাইকারি বিক্রেতা মজুমদার ইলেকট্রনিকস, নান্টু খেলনা ও ক্রোকারিজ শোরুম সহ পাশের আরও ৪/৫টি পাইকারি বিক্রেতার শোরুম, গোডাউন সহ ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে থাকা বাসা আগুনে পুড়িয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান- ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে সুচিত্রা স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে ? মুহূর্তেই তা আশপাশের দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে সুচিত্রা স্টোর, উর্তি স্টোর, মজুমদার ইলেকট্রনিক্স, জুতার ও সিরামিকসের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে গেছে। যে জায়গায় আগুন লেগেছে সেই গলির সামনের অংশে দোকানঘর এবং পেছনের অংশে বাসাবাড়ি ছিল। আগুনে প্রান্ত সাহা, শুভ সাহা ও লিটন চৌধুরীর বাসা পুড়ে গেছে। বাসাগুলো আধাপাকা টিনশেড ছিল।
জানা যায় – আগুন নিয়ন্ত্রণে জেলা শহরের ফায়ার সার্ভিসের টিম, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম সহ আশেপাশের উপজেলার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের সদস্য এবং ১প্লাটুন বিজিবি সদস্য তিন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করছেন।
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপসহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান – আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। তারা নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় – নেত্রকোণা শহরের বড় বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট সকলকে দ্রুত উদ্ধার কার্যক্রম, ক্ষয়ক্ষতির সুষ্ঠু মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল বাকিউল বারী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় নেত্রকোণা সদর হাসপাতালে গিয়ে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিবর্গ এবং উদ্ধার অভিযানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকালে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটারদের খোঁজখবর নেন। তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


