বারহাট্টার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শামসুল হক কারাগারে
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক’কে গ্রেপ্তার করেছেন বারহাট্টা থানার পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলের দিকে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় – সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে বারহাট্টা থানায় দায়ের করা মামলায় মোহাম্মদ শামসুল হক’কে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের লোকজন ও স্বজনরা জানান – মোহাম্মদ শামসুল হক বয়োজ্যেষ্ঠ মুরুব্বি মানুষ। স্থানীয় একটি মহল পরিকল্পিত ও ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে উনাকে আসামি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ।
অফিসার ইনচার্জ চম্পক দাম জানান – বারহাট্টা থানাধীন চিরাম ইউনিয়নের বাদে চিরাম ব্রীজ এলাকায় ২০২৬সালের ২৫জুন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে করা মিছিলের সন্দেহজনক আসামি হিসেবে মোহাম্মদ শামসুল হক’কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান – আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


