মাদকের বিরুদ্ধে সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় চারজন, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত সাতজন, মাদকসেবনের অভিযোগে ১৮ জন এবং ১৫১ ধারায় একজনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন—সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আব্দুল কাদির (৪১), পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার মোছা. আছিয়া (৫৫) এবং সোনারগাঁ পৌরসভার শাহপুর এলাকার কাউসার (৪০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর মধ্যে আবু সাঈদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা এবং আব্দুল কাদিরের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আছিয়া ও কাউসারের কাছ থেকেও গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেপ্তার
বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন (১৯), আলামিন ও মোহাম্মদ আলী।
মাদকসেবনের অভিযোগে ১৮ জন
অভিযানের সময় মাদকসেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্থানীয় বাসিন্দার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে সোনারগাঁয়ে এসে বসবাসকারী ও কর্মরত ব্যক্তিও রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।


