‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন দিন-রাত সমানতালে কামড়ায়: অতিরিক্ত কমিশনার

দেশজুড়ে
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন দিন-রাত সমানতালে কামড়ায়: অতিরিক্ত কমিশনার

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক

২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক বলেছেন, আগে ডেঙ্গুর মশা শুধু দিনে কামড়ালেও এখন রাতেও কামড়ায়। শুধু পরিষ্কার পানিতে নয়, ময়লা পানিতেও এই মশা জন্ম নিচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমুল হক।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠান শেষে আজমুল হক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান অর্ধশতাধিক শ্রমিককে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও জেলা পরিষদ প্রাঙ্গণের জঙ্গল-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।

জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং দিনে-রাতে সবসময়ই আক্রমণ করছে। এ কারণে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে।

তিনি জানান, সচেতনতা বাড়াতে জেলা পরিষদের উদ্যোগে আগামী তিন মাস জেলার সর্বত্র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।