অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

দেশজুড়ে
অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছাত্রদল নেতা জিসান। ছবি: সংগৃহীত

২৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে ছিলেন জিসান। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নেওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি। তিনি জিসানকে ছাত্রদলের সক্রিয় ও উদীয়মান নেতা উল্লেখ করে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে উপজেলা ছাত্রদল।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।