দেশের শিক্ষা নিয়ে উদাসীনতা মেনে নেওয়া হবে না: মঈন খান
ছবি: সংগৃহীত
দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের হেলাফেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (৬ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, অনেকের ধারণা, আধুনিক অস্ত্র ও সামরিক সক্ষমতার কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়েছে। কিন্তু এর পেছনে দেশটির উন্নত শিক্ষা ব্যবস্থার বড় ভূমিকা রয়েছে।
তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী অবস্থানে নিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ শিক্ষকদের নিতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


