বিশ্রামের চেয়ে কাজেই বেশি সময় দেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী
ফজরের নামাজের পর থেকে প্রায় শেষ রাত পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান, বিশ্রামের চেয়ে কাজেই বেশি সময় দেন।
সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
এদিন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, সরকার এ নির্বাচন নিয়ে আশাবাদী। অতীতের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনা যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যবস্থা নেবেন। সরকারের যত ঘনিষ্ঠই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিসিআইসির সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অনিয়মের কোনো খবর তাঁর জানা নেই। সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


