গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

দেশজুড়ে
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লাগে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টুন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।