সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকার চাই না: জামায়াত আমির

দেশজুড়ে
সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকার চাই না: জামায়াত আমির
২৪ অক্টোবর ২০২৬

সীমান্ত দিয়ে মাদক, অর্থ ও অস্ত্র প্রবেশ বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, “সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সেবা দিয়ে থাকেন। কিন্তু তাঁর প্রধান দায়িত্ব নিজ মন্ত্রণালয় পরিচালনা করা। অথচ মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার প্রসঙ্গেও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে, কখন ও কোথায় তিনি বৈঠক করেছেন। এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জও জানান তিনি।

সংসদীয় কার্যক্রম প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিরোধী দল সংসদের ভেতরেই সব সংকটের সমাধান করতে চেয়েছিল। কিন্তু সরকারি দলের কারণে তাদের রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া গণভোটে জনগণের দেওয়া রায় মেনে নেওয়া হলে অনেক সমস্যার সমাধান সম্ভব হতো বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।