বেসরকারি ফল ঘোষণা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিএনপির মির্জা ফয়সল
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে ১৮৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।
এর আগে সকাল ৮টায় আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন চারজন।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থী, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।


