চাঁদপুর ঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য

২২ দিনের বিরতি শেষে ইলিশের বাজারে ফিরেছে ব্যস্ততা

দেশজুড়ে
২২ দিনের বিরতি শেষে ইলিশের বাজারে ফিরেছে ব্যস্ততা

ছবি: সংগৃহীত

৩০ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। একই সঙ্গে প্রাণচাঞ্চল্য ফিরেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে। ইলিশের সরবরাহ শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকরা।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে ইলিশ আসছে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকরা। ঝুড়িতে করে ট্রলার থেকে ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। পরে এসব মাছ বিক্রি করছেন আড়তদার ও ব্যবসায়ীরা।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, প্রথম দিনেই ঘাটে ইলিশের ভালো সরবরাহ পাওয়ায় তাঁরা খুশি। প্রতিদিন এভাবে মাছের সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ২২ দিনের বিরতির পর চাঁদপুর মাছঘাটে আবারও ইলিশ কেনাবেচা শুরু হয়েছে। চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলার মাছঘাটে এসেছে। এখন পর্যন্ত প্রায় এক হাজার মণ ইলিশের সরবরাহ পাওয়া গেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা।

তবে এ বছরের মা ইলিশ রক্ষা অভিযান কতটা সফল হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মৎস্য ব্যবসায়ী নেতারা। তাঁদের মতে, এবারের অভিযান তেমন সফল হয়নি। যদিও নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় সামনে ইলিশের সরবরাহ বাড়বে বলে প্রত্যাশা করছেন তাঁরা।

নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরা এবং মাছঘাটে ইলিশের সরবরাহ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। এখন নিয়মিত সরবরাহ নিশ্চিত হলে বাজারে ইলিশের দাম আরও কমতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।