সীমান্তে পুশইন বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশজুড়ে
সীমান্তে পুশইন বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তবে তিনি আশ্বস্ত করেছেন, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (২৭ মে) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সীমান্তে পুশইনের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে তারা আমাদের দেশেরই মানুষ। ভারতকে বারবার অনুরোধ করা হয়েছে যেন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এদের ফেরত পাঠানো হয়। কিন্তু তারা এখনো সে পথে হাঁটছে না। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম। “আমাদের বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। জনগণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই,” বলেন তিনি।

কারা ব্যবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সরকার কারাগারকে শুধুমাত্র বন্দিশালার পরিবর্তে একটি ‘পুনর্বাসন ও সংশোধন কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। বন্দিরা সেখানে কাজ করে উপার্জনের সুযোগ পাবে, যা তাদের পরিবারের জন্য সহায়ক হবে এবং সামাজিক পুনর্বাসনের পথ সুগম হবে।

তিনি বলেন, “কারাবন্দিদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। আইনের শাসনের ভিত্তিতে সকল বন্দির সঙ্গে সমান আচরণ নিশ্চিত করা হবে—চাই তিনি রাজনৈতিক হোন বা সাধারণ।”

আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি প্রস্তুত রয়েছে। ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিন অনুষ্ঠানে ১৮ জন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী সফলভাবে প্রশিক্ষণ শেষে বাহিনীতে যোগদান করেন। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি ও কারা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।