সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বেড়েছে ২৩ গুণ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বেড়েছে ২৩ গুণ
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

২০২৪ সালজুড়ে দেশের রাজপথ ছিল উত্তাল ছাত্র ও নাগরিক আন্দোলনে, দুর্নীতিবিরোধী স্লোগানে মুখর। অথচ একই বছরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ বেড়েছে প্রায় ২৩ গুণ—যা নতুন করে প্রশ্ন তুলছে অর্থ পাচারের বাস্তবতা নিয়ে।

সুইস কেন্দ্রীয় ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে গচ্ছিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি টাকায় (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরলে) এর পরিমাণ প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা।

২০২৩ সালে এই অঙ্ক ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, অর্থাৎ প্রায় ৩৯৬ কোটি টাকা। তার মানে, এক বছরের ব্যবধানে গচ্ছিত অর্থ বেড়েছে ৮ হাজার ৫০০ কোটিরও বেশি, যা ২৩ গুণেরও বেশি বৃদ্ধি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকরা বলছেন, অর্থের প্রকৃত উৎস ও বৈধতা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। যদিও বাংলাদেশ ব্যাংক দাবি করছে, এর বেশিরভাগই ব্যাংকগুলোর বৈধ বাণিজ্য সংক্রান্ত লেনদেনের ফল। তবে, পাচারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আগেও সুইস কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে, তবে সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী, অবৈধ অর্থের প্রমাণ না দিলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করা হয় না।

এদিকে প্রতিবেদনে সুইস ব্যাংকে গচ্ছিত শিল্পকর্ম, স্বর্ণ বা অন্যান্য মূল্যবান সম্পদের মূল্য হিসাব করা হয়নি। এছাড়া, যদি কেউ নিজের বদলে ভিন্ন দেশের নাগরিক বা কোম্পানির নামে অর্থ রাখে, সেটিও বাংলাদেশের হিসাবে ধরা হয় না।