শাকসু নির্বাচন চেয়ে প্রশাসনিক ভবনে তালা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের বিএনপিপন্থি ৮ জন সদস্য পদত্যাগ করার পর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিবির সমর্থিত প্যানেল ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’-এ তালা দেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে ৮ জন নির্বাচন কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে পদত্যাগকারী কমিশনারদের নাম প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন বলেন, প্রশাসনের কার্যক্রম শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। এ অবস্থায় আমরা বিব্রতবোধ করছি এবং নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই নির্বাচন হোক, তবে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব নয়। কমিশনের মোট ১৫ জন সদস্যের মধ্যে ৮ জন নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করবেন না।
তিনি আরও বলেন, বাকি কমিশনারদেরও দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।
এদিকে পদত্যাগের খবরে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, হাইকোর্টে রিটের বিরুদ্ধে চলা আন্দোলন শেষে আমরা জানতে পারি বিএনপিপন্থি ৮ জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। এটি অত্যন্ত হতাশাজনক। আমরা ২০ জানুয়ারি শাকসু নির্বাচন চাই। নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


