‘সর্দারজি ৩’-তে অভিনয় করায় হানিয়া আমিরের সিনেমা ভারতে নিষিদ্ধ

বিনোদন
‘সর্দারজি ৩’-তে অভিনয় করায় হানিয়া আমিরের সিনেমা ভারতে নিষিদ্ধ
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির অভিনীত সিনেমা ‘সর্দারজি ৩’ ভারতে মুক্তি পাচ্ছে না। সিনেমাটিতে পাকিস্তানি শিল্পীর অংশগ্রহণ থাকায় ভারতীয় সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি, বলে নিশ্চিত করেছেন ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

প্রসঙ্গত, হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে আলোচিত ও চর্চিত তরুণ তারকাদের একজন। টিভি সিরিজ ও সিনেমায় তার পারফরম্যান্স উপমহাদেশজুড়ে প্রশংসিত হয়েছে। ভারতেও রয়েছে তার বিপুল ভক্ত।

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে ‘পহেলগাঁও কাণ্ড’-এর পর থেকে পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ওঠে ভারতজুড়ে। ফলস্বরূপ, বলিউডসহ বিভিন্ন নির্মাতা সংস্থা পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা থেকে বিরত থাকে। এর আগেও বেশ কয়েকটি সিনেমার পোস্টার ও ট্রেলার থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানি তারকাদের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘সর্দারজি ৩’-এ মূল ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির। সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় হানিয়াকে বাদ দেওয়া সম্ভব হয়নি। যদিও সিনেমার ট্রেলার বা ইউটিউব ক্লিপে ভারতের দর্শকরা হানিয়াকে দেখতে পাচ্ছেন না, কারণ সেগুলো দেশটিতে ব্লক করা হয়েছে।

দিলজিৎ দোসাঞ্জ এক সাক্ষাৎকারে জানান,

“বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আমরা ভারতে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বব্যাপী বাকি সব জায়গায় এটি মুক্তি পাবে।”

পাঞ্জাবি ভাষার এই সিনেমাটি ভারত বাদে বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ২৭ জুন। এতে হানিয়া ও দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার, সালিম আলবা প্রমুখ।

সিনেমাপ্রেমীদের একাংশ মনে করছেন, রাজনৈতিক কারণে সংস্কৃতি ও বিনোদনের উপর নিষেধাজ্ঞা দুঃখজনক। আবার অনেকে মনে করছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত যৌক্তিক।