কাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?

বিনোদন
কাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে এক নতুন ভিডিও ট্রেন্ড— ‘গ্লোয়িং ওয়াটার’। কাচের গ্লাস, পানির মধ্যে হলুদের গুঁড়া এবং মোবাইলের ফ্ল্যাশলাইট—এই তিন উপকরণ দিয়েই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক দৃশ্য। তরুণ-তরুণী থেকে শুরু করে শিশুরাও এই ট্রেন্ডে মেতে উঠেছে।

এই ট্রেন্ড অনুসরণকারীরা প্রথমে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সেটি উল্টো করে রাখছেন। এরপর কাচের গ্লাসে পানি ভরে সেই আলোয় স্থাপন করা হয় গ্লাসটি। ঘরের আলো নিভিয়ে এক চিমটে হলুদের গুঁড়া ফেলা হয় পানিতে। ধীরে ধীরে গুঁড়া পানিতে মিশতে মিশতেই দেখা যায় এক রহস্যময় সোনালি আলোয় ঝলমলানো জলরাশি—যা ভিডিওতে দেখতে সত্যিই আকর্ষণীয়।

এই দৃশ্যের পেছনে রয়েছে এক সহজ বিজ্ঞান। হলুদ গুঁড়ায় থাকা ‘রাইবোফ্লেভিন’ (ভিটামিন বি২) নামক একটি প্রাকৃতিক উপাদান ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্যযুক্ত। মোবাইলের আলো বা অতিবেগুনি আলোয় এটি আলো শোষণ করে তা বিচ্ছুরিত করে এক উজ্জ্বল সোনালি আভায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই ট্রেন্ডকে কেউ বলছেন ‘মিনি সায়েন্স ডেমো’, আবার কেউ দেখছেন নির্ভেজাল আনন্দ ও রিল্যাক্সেশনের উপায় হিসেবে। শিশুদের মুগ্ধতা, তরুণদের কৌতূহল আর অভিভাবকদের হাসিমুখ—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ঘরোয়া বিনোদনের এক রঙিন উপাদান।

এখন পর্যন্ত এই ট্রেন্ডে কোনো স্বাস্থ্যঝুঁকি বা ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিজ্ঞজনরা পরামর্শ দিচ্ছেন, শিশুদের এই এক্সপেরিমেন্টটি অভিভাবকদের তত্ত্বাবধানে করার জন্য। চোখে বা ত্বকে গুঁড়া না লাগার বিষয়েও সতর্ক করা হচ্ছে।

এ ধরনের ট্রেন্ড সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। তবে ক্ষতি না থাকলে সাময়িকভাবে এ রকম সৃজনশীল ভিডিও তৈরি মানুষকে কিছুটা আনন্দ দেয়—তাতে আপত্তির কিছু নেই। তবে এটি যেন সচেতনতাপূর্ণ উপায়ে এবং নিরাপদ পরিবেশে করা হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।