স্ত্রীর মামলায় গ্রেফতার হিরো আলম

বিনোদন
স্ত্রীর মামলায় গ্রেফতার হিরো আলম
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। একই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, “হিরো আলম ও সহ-আসামি আদালতের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছিলেন না। আমরা তাদের জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং পরোয়ানা জারি করেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।”

অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সাম্প্রতিক সময়ে মনোমালিন্য দেখা দিলে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকায় একটি বাসায় রিয়াকে ডাকা হলে সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন।

এরপর তারা রিয়ার বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে রিয়া মারাত্মক জখমপ্রাপ্ত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় তার গলা থেকে দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।