মাদক পার্টির গুজবে নোরা ফাতেহির ক্ষোভ: ‘বারবার আমাকে সফট টার্গেট করা হচ্ছে’
মুম্বাইয়ে এক মাদক পাচারকারীর আয়োজিত ড্রাগ অ্যান্ড রেভ পার্টিতে নাম জড়ানোর গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে নোরা এসবকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন।
রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেছেন, তাকে লক্ষ্য করেই বারবার ইচ্ছাকৃতভাবে ‘সফট টার্গেট’ বানানো হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ওই পার্টির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
নোরার ভাষায়, “আমি কোনো পার্টিতে যাই না। সব সময়ই দেশের বাইরে কাজের জন্য উড়োজাহাজে থাকতে হয়। আমি একজন ওয়ার্কহোলিক—আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। এমন মানুষের সঙ্গে নিজেকে কোনোভাবেই যুক্ত করি না।”
তিনি আরও জানান, অবসর পেলেই দুবাইয়ের সমুদ্রসৈকতে বা স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে সময় কাটান।
গুজব নিয়ে ভক্তদের সতর্ক করে নোরা বলেন, “যাচাই না করে কোনো খবর বিশ্বাস করবেন না। আমার নাম খুব সহজে টার্গেট করা হয়। কিন্তু এবার তা হতে দেব না।”
তিনি দাবি করেন, অতীতেও মিথ্যা প্রচার করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে, তবে তিনি এবার আর চুপ করে থাকবেন না।


