ঈদে বড় পর্দায় নতুন চমক: সাবিলা নূর

বিনোদন
ঈদে বড় পর্দায় নতুন চমক: সাবিলা নূর
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

নাটক, মডেলিং ও নাচে নিয়মিত উপস্থিতি জানানো সাবিলা নূর অভিনয় দক্ষতার কারণে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ছোট পর্দায় দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার পর বড় পর্দায় পা রেখেও তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাসী অভিনয়।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর কিছুদিন নতুন ছবি নিয়ে নীরব ছিলেন সাবিলা নূর। এবার সেই নীরবতা ভেঙে আসছে ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় কাজ করাকে নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন সাবিলা। তিনি বলেন, “‘তাণ্ডব’-এর পর আবার সিনেমায় ফেরা এবং এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই রোমাঞ্চকর। প্রিয় একটি উপন্যাসের চরিত্রে অভিনয় করছি—দর্শকের প্রত্যাশা পূরণে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই ছবিতে সাবিলার সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। শক্তিশালী এই অভিনয়শিল্পী তালিকা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

শুটিং শিডিউল একই সময়ে পড়ায় সিয়াম আহমেদের বিপরীতে ‘রাক্ষস’ সিনেমাটি ছেড়ে দেন সাবিলা নূর। এ বিষয়ে তিনি জানান, পেশাদারিত্বের জায়গা থেকেই আগে দেওয়া প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চাতেও সক্রিয় সাবিলা নূর। সর্বশেষ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর ছোটগল্পের বই ‘ভালোবাসা অতঃপর’। এর আগে নাটকের গল্প লেখক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

কাজের ফাঁকে ভ্রমণেও ভালোবাসা রয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি বিয়েবার্ষিকী উপলক্ষে স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে জর্জিয়ায় ১০ দিনের ভ্রমণ শেষ করেছেন তিনি। জর্জিয়ার প্রকৃতি, ইতিহাস ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতার কথা জানিয়েছেন সাবিলা।

চলতি বছর শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় এবং ঈদুল আজহায় মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া সাবিলা নূরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। নতুন সিনেমা, লেখালেখি ও পরিণত অভিনয়ের পথে এগিয়ে চলা সাবিলা নূর এখন বড় পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করার প্রস্তুতিতে।