ভোররাতে আতঙ্কে থানায় উরফি জাভেদ

বিনোদন
ভোররাতে আতঙ্কে থানায় উরফি জাভেদ
নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে ভোররাতে থানায় যেতে হয়েছে ভারতীয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে। মুম্বাইয়ে নিজের বাসভবনের সামনে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক আচরণে তিনি চরম আতঙ্কে পড়েন বলে অভিযোগ করেছেন।

উরফির দাবি, সোমবার রাত সাড়ে তিনটার দিকে তার বাড়ির দরজায় একাধিক ব্যক্তি লাগাতার কড়া নাড়তে থাকেন। কেউ একজন জোর করে দরজা খুলতে বলেন, আরেকজন পাশেই লুকিয়ে ছিলেন বলে তার অভিযোগ। হঠাৎ এমন ঘটনায় তিনি ভয় পেয়ে যান এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংবাদমাধ্যমকে উরফি জানান, তিনি দরজা না খুলে বারবার সরে যেতে অনুরোধ করলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করার কথা বললে তারা সেখান থেকে চলে যান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার সময় উরফির সঙ্গে তার দুই বোন ডলি ও আসফি বাড়িতেই ছিলেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নিজেদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে দাবি করে ভয় দেখান এবং নানা ধরনের হুমকি দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উরফি পুলিশে খবর দেন। তার ভাষ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও অভিযুক্তরা দুর্ব্যবহার করেন এবং অভিযোগ অস্বীকার করেন। এমনকি ভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে কারসাজির চেষ্টার অভিযোগও উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে উরফি লেখেন, গভীর রাতে এমন পরিস্থিতিতে পড়া যে কোনো নারীর জন্যই ভয়াবহ। তিনি জানান, বর্তমানে নিজেকে নিরাপদ মনে করছেন না।

ঘটনার পর সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও নিশ্চিত করেছেন উরফি জাভেদ।