রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেন হিরো আলম, যোগ দিলেন আমজনতার দলে
সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তিনি মো. তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দলে’ যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিজেই নিশ্চিত করেন হিরো আলম। তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি। এবার আর স্বতন্ত্র হিসেবে নয়, রাজনৈতিক দলের ব্যানারেই নির্বাচনে যেতে চেয়েছি।
হিরো আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। তিনি বলেন, “তারেক রহমান ভাইয়ের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আলোচনার পর আমি তার নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে আমজনতার দলের প্রার্থী হিসেবেই মাঠে নামবেন বলে জানান।
হিরো আলম বলেন, দলের পক্ষ থেকে আজই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যোগদানের বিস্তারিত তথ্য এবং নির্বাচনী পরিকল্পনা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। এবার দলীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।


