কেন সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে নয়নতারাকে?

বিনোদন
কেন সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে নয়নতারাকে?
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬

তেলেগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণা অভিনীত আসন্ন সিনেমা ‘NBK111’ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ছবিটির গল্প ও প্রযোজনায় বড় ধরনের পরিবর্তনের ফলে কাস্টিংয়েও আসছে রদবদল। সেই ধারাবাহিকতায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার এই প্রজেক্ট থেকে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শিল্পসূত্রে জানা গেছে, শুরুতে ‘NBK111’ একটি বড় বাজেটের মেগা প্রজেক্ট হিসেবে পরিকল্পিত ছিল। ছবিটির সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় ১৭০ কোটি রুপি। তবে সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে বিনিয়োগ ও অধিগ্রহণমূল্য কমে যাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান এখন খরচ কমানোর পথে হাঁটছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন পরিকল্পনায় ছবির মূল ফোকাস রাখা হচ্ছে নন্দমুরি বালকৃষ্ণার চরিত্রে। সেই সঙ্গে সামগ্রিক বাজেট পুনর্গঠনের অংশ হিসেবে পারিশ্রমিকের দিক থেকেও পরিবর্তন আনা হচ্ছে। নয়নতারা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন, যিনি প্রতি ছবির জন্য আনুমানিক ১১ কোটি রুপি পারিশ্রমিক নেন। বাজেট কমানোর সিদ্ধান্তে তাই নির্মাতারা বিকল্প নারী প্রধান চরিত্র নিয়ে ভাবছেন বলে জানা গেছে।

যদিও নয়নতারার ছবি ছাড়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নির্মাতারা জানিয়েছেন, চূড়ান্ত স্ক্রিপ্ট ও প্রযোজনার নতুন রূপরেখা নির্ধারণের পরই কাস্টিং নিয়ে স্পষ্ট তথ্য জানানো হবে।

এই পরিবর্তনের মধ্যেও ‘NBK111’ ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ কমেনি। বরং নন্দমুরি বালকৃষ্ণার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে ছবিটি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, পদ্মভূষণপ্রাপ্ত নন্দমুরি বালকৃষ্ণা ও নয়নতারা সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রায় সাত বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘জয় সিনহা’ সিনেমায়।