নতুন বছরের সর্বোচ্চ করদাতা হলেন রাশমিকা
২০১৬ সালে অভিনয়জগতে পা রাখার পর অল্প সময়ের মধ্যেই দক্ষিণী ও বলিউড সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা মান্দানা। ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং সর্বশেষ ‘অ্যানিম্যাল’-এর মতো ব্যবসাসফল সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন এই তারকা অভিনেত্রী। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন। কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতা হিসেবে তার নাম উঠে এসেছে।
কাজের সুবাদে মুম্বাই ও হায়দরাবাদে নিয়মিত যাতায়াত থাকলেও রাশমিকার শিকড় এখনো কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিলাসবহুল গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।
সম্পত্তি খাতেও বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি অভিজাত বাড়ির মালিক তিনি। এছাড়া মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।
স্বল্প সময়েই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের একজন। প্রতি ছবিতে তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, রাশমিকা মান্দানার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।
এদিকে, আগামী ফেব্রুয়ারিতে তার বিয়ের গুঞ্জন শোনা গেলেও তার আগেই কর পরিশোধের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রশংসা কুড়ালেন এই জনপ্রিয় অভিনেত্রী।


