ঐতিহ্যবাহী হলুদ লুকে বুবলী, নেটিজেনদের চোখে ‘হলুদ পরী’
ঐতিহ্যবাহী ব্রাইডাল সাজে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার হলুদ রঙের সাজের ছবিগুলো নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একেবারে বিয়েবাড়ির হলুদ অনুষ্ঠানের আদলে সাজতে। উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে রঙিন সুতার কারুকাজের সঙ্গে তিনি পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের সঙ্গে মানানসই করে বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না—মাথায় ফুলের মাংটিকা, কানে ফুলের দুল এবং হাতে ফুলের অলংকার।
একটি ছবিতে বুবলীকে দেখা যায় গাঁদা ফুল ও লাল গোলাপে সাজানো একটি দোলনায় বসে থাকতে। প্রাণবন্ত এই মুহূর্তের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি’।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই বুবলীর এই লুককে ‘হলুদ পরী’ বলে আখ্যা দেন।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তিনি বর্তমানে তার আসন্ন সিনেমা ‘পিনিক’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ছবিটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোমান্টিক গানের শুটিং সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, গানটি একটিমাত্র টেকে শুট করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়া হয়েছে।


