পরকীয়া নিয়ে মন্তব্যে বিতর্কে শেহনাজ গিল

বিনোদন
পরকীয়া নিয়ে মন্তব্যে বিতর্কে শেহনাজ গিল
নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল আবারও সংবাদের শিরোনামে। তবে এবার কোনো কাজ বা প্রশংসার কারণে নয়, বরং সম্পর্কে প্রতারণা ও পরকীয়া নিয়ে করা এক মন্তব্যের জেরে। সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, প্রত্যেক মানুষকে নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত। তিনি বলেন, “আপনার সঙ্গী যদি বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে তা করতে দিন। আজকাল দেখা যায়, বাইরে প্রেমিকা থাকার কারণেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতদিনই বা চলবে? তাকে নিজের মতো করে কিছু সময় বাঁচতে দিন।”

শেহনাজ আরও মন্তব্য করেন, মানুষ হিসেবে প্রত্যেকেরই নিজের জীবনযাপনের স্বাধীনতা রয়েছে। তার মতে, সঙ্গী যখন ভুল পথে যাবে, তখন একসময় নিজেই তা উপলব্ধি করবে এবং অপরাধবোধে ভুগবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। অনেক নেটিজেনের মতে, শেহনাজ কার্যত পরকীয়াকে সমর্থন করছেন, যা সম্পর্কের বিশ্বাস ও আত্মসম্মানের পরিপন্থী। একজন নেটিজেন লিখেছেন, “এর মানে কি আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলা হচ্ছে?”

‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া শেহনাজ গিল এর আগেও তার খোলামেলা ও স্পষ্ট বক্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন। তবে এবারের মন্তব্য সরাসরি সম্পর্কের নৈতিকতা ও বিশ্বস্ততার প্রশ্নে আঘাত করায় বিতর্ক আরও গভীর হয়েছে বলে মনে করছেন অনেকেই।