ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, দাম কত

স্বাস্থ্য
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, দাম কত
২৭ আগস্ট ২০২৬

অগ্ন্যাশয়ের জটিল ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। দারাক্সোনরাসিব নামের ওষুধটি টিউমারের বৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখা একটি পরিবর্তিত প্রোটিনকে নিষ্ক্রিয় করে। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় ওষুধটি প্রচলিত কেমোথেরাপির তুলনায় রোগীদের গড় বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের চিকিৎসার জন্য প্রথমবারের মতো এই ওষুধ ব্যবহারের সুযোগ দিয়েছে এফডিএ। অগ্ন্যাশয়ের ক্যানসারের ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে টিউমারের বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট একটি পরিবর্তিত প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে ওষুধটি।

বহু বছর ধরে ওই প্রোটিনকে লক্ষ্য করে কার্যকর ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। তবে এতদিন সাফল্য মেলেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রেভল্যুশন মেডিসিনস ‘র‍্যাসনকিউ’ ব্র্যান্ড নামে ওষুধটি বাজারজাত করবে। প্রতিদিন একটি করে বড়ি সেবন করতে হবে। কোম্পানির তথ্য অনুযায়ী, এক মাসের ওষুধের সম্ভাব্য দাম প্রায় ৩৯ হাজার ৮০০ ডলার।

কেমোথেরাপির তুলনায় দ্বিগুণের কাছাকাছি বেঁচে থাকা

ওষুধটির কার্যকারিতা নিয়ে একটি গবেষণায় প্রায় ৫০০ রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এসব রোগীর মেটাস্ট্যাটিক বা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ক্যানসার ছিল এবং আগের চিকিৎসায় আর সাড়া দিচ্ছিল না।

গবেষণায় অংশ নেওয়া একদল রোগীকে নতুন ওষুধটি দেওয়া হয়। অন্যদলকে দেওয়া হয় আরও কেমোথেরাপি।

ফলাফলে দেখা যায়, নতুন ওষুধ গ্রহণকারী রোগীদের গড় বেঁচে থাকার সময় ছিল ১৩ দশমিক ২ মাস। অন্যদিকে কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই সময় ছিল ৬ দশমিক ৭ মাস।

তবে ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত নয়। চিকিৎসায় ত্বকে ফুসকুড়ি, মুখে ঘা, ডায়রিয়া ও বিভিন্ন ধরনের হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। অবশ্য গবেষণায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার হার তুলনামূলকভাবে কম ছিল।

চিকিৎসকদের আশাবাদ

ফ্রেড হাচ ক্যানসার সেন্টারের চিকিৎসক অ্যান্ড্রু কোভেলার নতুন ওষুধটির অনুমোদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তার মতে, এটি ক্যানসার নিরাময়ের ওষুধ নয়, তবে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি আনতে পারে।

অগ্ন্যাশয়ের ক্যানসার বিশ্বের অন্যতম প্রাণঘাতী ক্যানসার। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন হওয়ায় অনেক রোগীর ক্ষেত্রে ক্যানসার ছড়িয়ে পড়ার পর বিষয়টি ধরা পড়ে।

আমেরিকান ক্যানসার সোসাইটির হিসাব অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার মানুষের নতুন করে অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হতে পারে। এ রোগে ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। রোগটির সামগ্রিক পাঁচ বছর বেঁচে থাকার হার মাত্র ১৩ শতাংশ।

নতুন ওষুধটির অনুমোদন তাই অগ্ন্যাশয়ের ক্যানসারের উন্নত পর্যায়ের রোগীদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।