ক্যানসার হাসপাতালে নতুন ২০০ শয্যা, বাড়বে চিকিৎসাসেবা
ছবি: সংগৃহীত
ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। হাসপাতালটির বর্তমান ৫০০ শয্যার সঙ্গে আরও ২০০ শয্যা যুক্ত হয়ে মোট শয্যা সংখ্যা দাঁড়াবে ৭০০টিতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০টিতে উন্নীত করা এবং নতুন যুক্ত হওয়া শয্যায় চিকিৎসাসেবা চালুর প্রশাসনিক অনুমোদনের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য আরও ২০০টি শয্যা ব্যবহারের সুযোগ তৈরি হবে। নতুন শয্যায় সেবা কার্যক্রম চালুর মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা সম্প্রসারিত হবে।


