হাম পরিস্থিতিতে উদ্বেগ, মৃত্যু বেড়ে ১,০৪৮
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং সন্দেহজনক হামে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম ও এর উপসর্গজনিত রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৪৫ জনকে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬৩ জন। এরপর বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-সংক্রান্ত পরিস্থিতিতে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।


