ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭০ হাজার ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ হাজার ৮২৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে দুইজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।


