হাম উপসর্গে আরও ৮ জনের মৃ’ত্যু, হাসপাতালে ১০৮৬

স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৮ জনের মৃ’ত্যু, হাসপাতালে ১০৮৬
১০ অক্টোবর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৫২৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৫ জনে পৌঁছেছে।