অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃ’ত্যু, ২৪ ঘণ্টায় ৯

স্বাস্থ্য
অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃ’ত্যু, ২৪ ঘণ্টায় ৯
১৩ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৭১ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৭ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন।

সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮, আক্রান্ত ৪৩ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস আগস্টে মারা যান ৪৩ জন। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যাওয়ার তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আক্রান্তের পরিসংখ্যানেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, যা আগস্টের ২০ হাজার ৫৩৬ জনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, জুনে ২ হাজার ৯০৬ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হন। বছরের প্রথম পাঁচ মাসে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

অন্যদিকে চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ২৩ হাজার ৭৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।