হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪টি শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ১ হাজার ১৭৭টি শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২৮টি শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৯টি শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ২১টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৬টি শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।


