ইরান আলোচনায় না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান আলোচনায় না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনায় না বসে, তাহলে দেশটি এমন সংকটের মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি। তবে তিনি এখনো আশাবাদী যে তেহরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি “দ্য জন ফ্রেডরিকস শো” নামের একটি রেডিও অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যায় পড়বে যা তারা আগে কখনো দেখেনি।” তিনি আরও যোগ করেন, একটি ন্যায্য চুক্তির মাধ্যমে ইরান নিজেদের দেশ পুনর্গঠনের সুযোগ পেতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, “আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে।”

তিনি দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না এবং পরিস্থিতি মোকাবিলায় তাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল।

এর আগে ট্রাম্প জানান, যুদ্ধ পরিস্থিতি প্রশমনে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই প্রতিনিধিদল সেখানে বৈঠক করতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, কোনো কাঠামোগত সমঝোতা না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।