মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত
নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র আইনি লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সীমিত শিথিলতার ফলে তার আইনজীবীর পারিশ্রমিক পরিশোধের সুযোগ তৈরি হয়েছে।

নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, এই পরিবর্তনের ফলে মামলার বিচারিক প্রক্রিয়া অব্যাহত রাখা সহজ হবে। এর আগে নিষেধাজ্ঞার কারণে আইনজীবীর পারিশ্রমিক পরিশোধ জটিল হয়ে পড়ায় মামলার অগ্রগতি অনিশ্চয়তায় ছিল।

মাদুরোর পক্ষে প্রধান আইনজীবী ব্যারি পোল্যাক যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে তার মক্কেল পছন্দের আইনজীবী নিয়োগের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। তিনি আদালতে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রতিটি আসামির ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলাটি শুনানি করছেন বিচারক আলভিন হেলারস্টাইন। তিনি ইঙ্গিত দেন, কোনো আসামিকে বিচারের মুখোমুখি রেখে তার আইনি সহায়তার পথ সীমিত করা ন্যায়বিচারের পরিপন্থি হতে পারে।

মার্কিন সরকারের পক্ষ থেকে কৌঁসুলি কাইল উইরশবা জানান, ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির অংশ। তবে আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের অবস্থানে আংশিক নমনীয়তা দেখায়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় আইনি অধিকার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার একটি উদাহরণ। একই সঙ্গে এটি ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিল প্রেক্ষাপটেও নতুন মাত্রা যোগ করেছে।

তবে উল্লেখ্য, মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তিনি বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।