লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করেছে। রোববার (৩ মে) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী বসতি আভিভিম লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়। সেনাবাহিনীর দাবি, নিক্ষিপ্ত রকেটগুলোর মধ্যে একটি প্রতিহত করা হয়েছে এবং বাকি রকেটগুলো কোথায় আঘাত হেনেছে তা যাচাই করা হচ্ছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে তারা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এ হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহও।
পরবর্তীতে বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও সীমান্তে সংঘর্ষ থামেনি। লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক তৎপরতা এবং পাল্টা হামলার জেরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রকেট হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং যে কোনো সময় নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।


