পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে: মোদি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের অগ্রগতি দেখাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ সোমবার ভোট গণনা চলাকালে ২৯৪ আসনের মধ্যে ২৯৩টিতে ফলাফল নির্ধারণের প্রক্রিয়া চলছে। বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিজেপি প্রায় ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রায় ৮২টি আসনে এগিয়ে রয়েছে, যা তাদের আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এই ফলাফলের ধারা বজায় থাকলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকারের অবসান ঘটতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে।
এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে।” তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে যে ম্যান্ডেট দিয়েছে, দল সেই অনুযায়ী সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করবে।
মোদি তার পোস্টে উল্লেখ করেন, জনগণের রায় বিজেপির প্রতি আস্থা প্রকাশ করেছে এবং দল পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। তিনি আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ প্রশাসন গড়ে তোলাই তাদের লক্ষ্য।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মতো বড় জয়ের আশা প্রকাশ করলেও ভোট গণনার বর্তমান প্রবণতা ভিন্ন চিত্র তুলে ধরছে।
চূড়ান্ত ফলাফল এখনো ঘোষিত না হলেও রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


