ইরানে একাধিক জাহাজে আগুন, হরমুজে মার্কিন হামলায় নিহত ৫
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে একাধিক বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দাইয়্যার বন্দরের একটি ডকে থাকা কয়েকটি জাহাজে আগুন লাগে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বন্দরের ফায়ার সার্ভিস প্রধান মাজিদ ওমরানি ইরানের সংবাদ সংস্থাকে জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রণালিতে ইরানের সাতটি দ্রুতগতির নৌযান বা ‘ফাস্ট বোট’ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারের মাধ্যমে এই হামলা চালানো হয়।
তবে ইরান এই দাবি অস্বীকার করে বলেছে, যেসব নৌযানে হামলা হয়েছে সেগুলো ইসলামি বিপ্লবী গার্ডের নয়, বরং বেসামরিক মানুষের নৌযান।
তেহরান আরও অভিযোগ করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ রেখে প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। পরে ইরানি নৌবাহিনী সতর্কতামূলক গোলাবর্ষণ করলে সেগুলো সরে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
পরবর্তীতে এপ্রিলের শুরুতে পাকিস্তান-এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।


