হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চাপ দিলো চীন
ইরানকে দ্রুত পূর্ণ যুদ্ধবিরতিতে যেতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে ইরানকে চাপ দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে ওয়াং ই ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করার আহ্বান জানান।
চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং দেশটির জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ফলে হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা চীনের জ্বালানি নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি চাহিদার বড় একটি অংশ এই রুট দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে। এতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেয়।
এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং বিদেশি জাহাজকে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষের অনুমতি ও টোল দিতে হবে।
তবে ইরানের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ এবং সেখানে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটেই চীন সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


