বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬

পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন কার্যক্রম বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান দীর্ঘদিনের এবং তা আরও কঠোর থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখে, তবে তারা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে—রাষ্ট্র হিসেবে টিকে থাকা নাকি ইতিহাসে হারিয়ে যাওয়া।

তার এই মন্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অনুষ্ঠানে তাকে ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সীমান্ত পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে হামলার পর ভারতের সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কিছু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালায়, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত।

পরবর্তীতে দুই দেশের মধ্যে টানা কয়েক দিনের সামরিক উত্তেজনার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাম্প্রতিক এই বক্তব্যের পর দুই দেশের সম্পর্ক আবারও চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।